টাকা ভাগের বিরোধে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা
গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর উপজেলায় টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে সাবেক এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।
নিহত নবাব মিয়া (৪৫) ওই এলাকার আবদুল হকের ছেলে। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল।
নিহতের ছোট ভাই কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলাল বলেন, তার ভাই একটি মাছ ধরার জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগের হিসাবে দেন। মাছের ভাগের বাবাদ এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়।
"এ ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় আব্দুর শুক্কুরের বাড়িতে সালিশ বসে। সেখান থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নবাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
