২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সংঘর্ষ, আহত ১০

আহতদের মধ্যে অন্তত দুজনের মাথা ফেটেছে এবং একজনের হাত ভেঙেছে বলে জানিয়েছেন উপাচার্য ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 05:03 PM

Updated : 27 Sep 2026, 05:30 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ৩টার দিকে এ সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরিফুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে বিষয়টির সমাধানও হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকজন হলে গিয়ে আবার উত্তেজনা তৈরি করেন।”

“আমরা এখন পর্যন্ত জেনেছি, অন্তত ১০ জন আহত হয়েছেন।”

আহতদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান উপাচার্য।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ, দত্ত হল ও বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের মাথা ফেটেছে এবং একজনের হাত ভেঙেছে। ঘটনার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে এলাকা জুড়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

উপাচার্য শরিফুল করিম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। ”