Published : 10 Jan 2023, 10:36 AM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকালে উপজেলার হরিপুর প্রাইমারি স্কুলের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন জানান।
নিহত ট্রাক চালক আব্দুল জলিল (৩৫) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে আজবার আলীর ছেলে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই টাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই সিমেন্ট ভর্তি ট্রাকের চালক নিহত হন।”
নিহতের লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সাজ্জাদ।