নরসিংদীতে অটোরিকশা ও কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২
ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
নরসিংদীর পাঁচদোনায় অটোরিকশা ও কর্ভাড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রীর প্রাণ গেছে।
শুক্রবার সকাল ৯টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে মাধবদী থানার এসআই মো. জসিম জানান।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল। পথে একটি গাড়িকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশার চালককে হেফাজতে নেয়।
এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই জসিম জানান।
