১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঈগল নিয়ে নৌকার সঙ্গে লড়বেন মুরাদ

প্রতীক পাওয়ার পর মুরাদ ফোনে সাংবাদিকদের বলেন, “সরিষাবাড়ীর সব মানুষকে সঙ্গে নিয়েই কাজ করবো।”

ঈগল নিয়ে নৌকার সঙ্গে লড়বেন মুরাদ

রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল।

 

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 05:57 PM

Updated : 18 Dec 2023, 06:35 PM

জামালপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান ঈগল প্রতীক পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান জানান, সোমবার দুপুরে মুরাদ হাসানের প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল তার কাছ থেকে ঈগল প্রতীক নেন।  

অডিও কেলেঙ্কারিতে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসানের ভাগ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকেট জোটেনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দেন তিনি।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল।

প্রতীক পাওয়ার পর মুরাদ ফোনে সাংবাদিকদের বলেন, “ঈগল প্রতীক পেয়েছি। সরিষাবাড়ীর সব মানুষকে সঙ্গে নিয়েই কাজ করবো।”

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রত্যাহার পর্ব শেষে দ্বাদশ সংসদ নির্বাচন গড়াল মাঠের লড়াইয়ে। সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন। তারই ধারাবাহিকতায় জামালপুরের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

২০২১ সালে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ফেইসবুকে এক টকশোতে বর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্যের জন্য কড়া সমালোচনা মুখে পড়েন সেসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মুরাদ।

এর মধ্যে এক চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য ও হুমকি দেওয়ার একটি অডিও ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় মুরাদকে।

২০০৮ সালে পৈত্রিক এলাকা জামালপুরের সরিষাবাড়ি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মুরাদ, আওয়ামী লীগের টিকেটে। ২০১৪ সালে বিরতি দিয়ে ২০১৮ সালে ফের সংসদ সদস্য হন।

২০১৯ সালে শেখ হাসিনা টানা তৃতীয়বার সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মুরাদ। ২০১৯ সালে তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে জামালপুর-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৫ হাজার ৩৮৭ জন, পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৮৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন।

আরও পড়ুন:

পুরনো খবর:

মুরাদ ছাত্রদল থেকে এসেছিলেন ছাত্রলীগে, জানালেন সাবেক ছাত্রনেতারা
মন্ত্রিত্ব হারানো, দলের পদ খোয়ানো মুরাদের সামনে কী?
মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে মুরাদ
দলীয় পদে ফিরতে মুরাদের ‘সাধারণ ক্ষমার’ আবেদন