নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটকের পর হাতকড়া নিয়ে পালালেন যুবক
হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্বজনরা পুলিশের রাস্তা অবরোধ করেন; ধস্তাধস্তির এক পর্যায়ে রাজু পালিয়ে যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের বড় ভাইকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান তালতলা কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন।
পালিয়ে যাওয়া মো. রাজু (৩০) ওই ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। আটক আক্তার (৪২) রাজুর বড় ভাই।
পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পুলিশের এক অভিযানে ৫০টি ইয়াবাসহ রাজুকে আটক করা হয়। আটকের পর হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় রাজুর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরেন।
ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে রাজু হাতকড়াসহ পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে রাজুর বড় ভাইকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
