২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ঈদ আনন্দে ঘুরতে বেড়িয়ে সড়কে ঝরল ২ শিক্ষার্থীর প্রাণ

গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে বলে গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।

পটুয়াখালীতে ঈদ আনন্দে ঘুরতে বেড়িয়ে সড়কে ঝরল ২ শিক্ষার্থীর প্রাণ
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আল ফয়সাল (বায়ে) এবং তামিম ইকবাল।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ঈদের আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শিক্ষার্থীর। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে বলে গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।  

নিহতরা হল- গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তামিম ইকবাল (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে ও টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্র মোহাম্মদ আল ফয়সাল (১৭)।

আহত গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেনকে (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে সবাইকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সাল মারা যান।

গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, দুজনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।