খুলনায় নিজ বাড়িতে যুবককে কুপিয়ে-গলা কেটে হত্যা, আটক ২
নিহতের মা রশিদা বলেন, প্রতিরাতে তাদের বাড়িতে বহিরাগত লোক আসতো। ওরা নেশা করত। ঘরে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করত।
খুলনায় এক যুবককে নিজ বাড়িতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশের তিনতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা।
নিহত এস এম শামীম (৩৫) ওই এলাকার গফফার শেখের ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শামীমের মা রশিদা বেগম বলেন, প্রায় ২৫ বছর আগে সাতক্ষীরার তালার উথালি থেকে আঠারোমাইল আসেন তারা। তাদের তিনতলা বিশিষ্ট বাড়ির নিচতলায় ভাড়াটিয়ারা থাকেন। দ্বিতীয় তলায় থাকে শামীম ও তার পরিবার। ভবনের তিনতলায় কেউ থাকে না।
রশিদা আরও বলেন, প্রতিরাতে তাদের বাড়িতে বহিরাগত লোক আসতো। ওরা নেশা করত। ঘরে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করত। সেখানে পরিবারের কাউকে যেতে দিত না শামীম।
শামিমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি বলেন, “শামীমকে নেশা করতে বহুবার বারণ করেছি। কিন্তু সে আমাদেরকে ধমক দিত।”
ওসি বলেন, নেশাগ্রস্ত অবস্থায় শামীম হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলেও জানান ওসি।
