হবিগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
হবিগঞ্জে লাখাই উপজেলায় গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সুজনপুর গ্রামের অদূরে ধলেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান।
মৃত আজগর আলী (৭০) সুজনপুর গ্রামের বাসিন্দা।
ওসি বন্দে আলী বলেন, “আজগর নিজের গরু চড়ানোর জন্য গ্রামের অদূরে ধলেশ্বরী নদীর তীরে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানয়িরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।”
লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম বলেন, “বজ্রপাতে মৃত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয়সহ বিস্তারিত তথ্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
“তার পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।”
