Published : 07 Nov 2025, 08:44 PM
গণ-অভ্যুত্থানের আগে মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা ১৫ মাসেও পূরণ হয়নি বলে আক্ষেপ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, “৫ অগাস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, তা গণঅভ্যুত্থানের পরের ১৫ মাসেও পূরণ হয়নি।”
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।
ক্ষমতা জনগণের হাতে মন্তব্য করে ডাকসুর ভিপি নুর বলেন, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলেই কেবলমাত্র পরিবর্তন সম্ভব। শুধুমাত্র টেলিভিশনে টক-শো কিংবা রাজনীতির মাঠে বক্তব্য দিয়ে দেশ পরিবর্তন হবে না। মানুষকে পরিবর্তন হতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “আগামীতে বাংলাদেশ কোন দিকে এবং কীভাবে পরিচালিত হবে তার ফয়সালা হবে এই নির্বাচনে।
“ছাত্র-জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কাদের ভোট দেবেন। ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের ভালো হবে। তবে পেশিশক্তি, কালো টাকার মাফিয়া, দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ।”
এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কারও সঙ্গে নির্বাচনি জোট করেনি, তবে রাষ্ট্র ব্যবস্থা, দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনার পর যুক্ত হওয়ার কথা ভাববেন বলে জানান ডাকসুর সাবেক এ ভিপি।
রাষ্ট্র সংস্কারে তরুণদের স্বপ্ন দেখার তাগিদ দিয়ে নুর বলেন, “নারায়ণগঞ্জে অসংখ্য সংগ্রামী এবং সাহসী তরুণ রয়েছে, যারা শামীম ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা করে হাসিনার পতনের জন্য লড়াই করেছে। মানুষের সমর্থন পেলে তারাই আগামীর জনপ্রতিনিধি হবে।”
চাঁদাবাজি প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “আগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিল্পখাতে চাঁদাবাজি করত। তবে এই চাঁদা এখনও কেউ না কেউ নিচ্ছে।
“চাঁদাবাজ ও দখলবাজমুক্ত নগরী গড়তে রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। কিন্তু ভোটকেন্দ্র দখলের জন্য এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের কেউ কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”
যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি শেখ সাব্বিরের সভাপতিত্ব এতে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান রাজ বক্তব্য দেন।