Published : 11 Dec 2025, 11:57 AM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রাম থেকে বুধবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে সিংগাইর থানা এসআই পার্থ শেখর জানিয়েছেন।
আটক ৪৯ বছর বয়সী মো. মাসুদ (৪৯) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের ফালু বেপারীর ছেলে।
এসআই বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে জামশা গ্রামের একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
“এ সময় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাসুদকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।”
উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান এসআই পার্থ।
সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।