২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পিটিয়ে-ছুরি মেরে যুবলীগ কর্মী হত্যায় গ্রেপ্তার ৪, ভিডিও ভাইরাল

এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে মীমকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, “ভাই, আমার খুব কষ্ট হচ্ছে।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 06:53 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

রাজশাহীতে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবলীগ কর্মী মো. মীম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান মীম (২৫)। পরদিন পুলিশ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। 

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, ঘটনার ভিডিও দেখে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মীম রাজশাহী শহরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন। তিনি মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল হক রুবেলের ঘনিষ্ঠ ছিলেন মীম। তিনি মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিনের ব্যক্তিগত কার্যালয়ে থাকতেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর মীম আত্মগোপনে ছিলেন। শনিবার তিনি এলাকায় ফিরে এসে হত্যার শিকার হন। 

এ ঘটনার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কিছু লোক মীমকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাকে শরীরের নিচের অংশে অনবরত পেটাচ্ছিলেন কয়েকজন। মীমের গায়ে লুঙ্গি ছাড়া কোনো পোশাক ছিল না। পরে তাকে একটি জায়গায় নিয়ে ফেলে রাখা হয়। তখন মীমকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, “ভাই আমার খুব কষ্ট হচ্ছে।”

বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় কিছু লোক মীমকে ধরে গণপিটুনী দেয়। এক পর্যায়ে তাকে একটি রিকশায় করে পঞ্চবটি এলাকায় নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। 

স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে চলে যায়। পরে হাসপাতালের ট্রলিম্যানরা তাকে জরুরি বিভাগের ভেতরে নেয়। তখন চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যান মীম।