Published : 25 May 2026, 06:53 PM
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তাপাড়ে বসেছিল ব্যতিক্রমী ‘ভালবাসার বাজার’। যেখানে মাত্র এক টাকার বিনিময়ে দুস্থ ও অসহায় পরিবারগুলো পেয়েছে চাল, ডাল, তেলসহ সম্পূর্ণ ঈদের বাজার।
সোমবার সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে একদিনের এই ব্যতিক্রমী হাটের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের আত্মসম্মান বজায় রেখে ঈদের আনন্দ উপহার দিতেই এই প্রতীকী মূল্যের বাজার। এক টাকার বিনিময়ে ক্রেতারা চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী কেনার সুযোগ পান। তিস্তাপাড়ের প্রায় ৫০০টি হতদরিদ্র পরিবার এই বাজার থেকে ঈদের কেনাকাটা করেন।
ত্রাণমন্ত্রী বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশন এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন মানবিক উদ্যোগ দেশের কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করছে।
পরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, “এখন যারা তিস্তা নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে, তিস্তা পাড়ের দুই কোটি মানুষের আন্দোলনের সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
বাজার উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি জামাল উদ্দিন এবং সদর থানার ওসি সাদ আহমেদ উপস্থিত ছিলেন।