২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

জব্দ করা ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 03:06 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে তাকে সাজা দেওয়া হয় বলে জানান বেলকুচি থানার ওসি ইমাম জাফর।

তিনি বলেন, গোপন খবর পেয়ে শেরনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা এক হাজার ৭৪৪ লিটার ডিজেল পাওয়া যায়। 

পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিন দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি ইমাম জাফর।

এ ছাড়া জব্দ করা ডিজেল এক ডিলারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।