সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসচালকসহ নিহত ২
দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটিকে সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়।
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ট্রাক ও বাসের সংঘর্ষে বাস চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার রাত দেড়টার দিকে মহাসড়কের নলকা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান।
তবে নিহতদের পরিচয় এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি বলেন, রাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি নলকা ওভারব্রিজের নিচের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি থানা হেফাজতে রয়েছে।
