২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

“আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদের দিন সাদা পাঞ্জাবি পরে ঘুরতে গেছিল, সেই পাঞ্জাবি এখন রক্তে লাল।”

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
নিহত মোয়াজ্জেম মোল্লা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 10:59 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যশলং এলাকায় দরজারপাড়ে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির।

নিহত মোয়াজ্জেম মোল্লা (৩০) সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেমকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায় একদল লোক। হামলাকারীদের ভয়ে তাকে কেউ উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। তারা চলে গেলে কয়েকজন মোয়াজ্জেমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনুপ কুমার সাহা বলেন, রাত পৌনে ৮টার দিকে একজন অটোচালক মোয়াজ্জেমকে মৃত অবস্থায় নিয়ে আসে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য চিহ্ন রয়েছে।

নিহতের মা রেনু বেগম বলেন, “জমি জমা নিয়ে দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে আমাদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে হত্যার হুমকি দেন। আমার ছেলে আলদি বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে হত্যা করেছে।

“আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদের দিন সাদা পাঞ্জাবি পরে ঘুরতে গেছিল, সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। দেবরের ছেলেরা ভাড়াটে লোকজন দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমার ছেলে হত্যার বিচার চাই।”

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।