১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসার বাথরুমে পড়েছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ওই শিক্ষিকা মাকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানায় পুলিশ।

বাসার বাথরুমে পড়েছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন
ফাবিয়া তাসনিম সিধি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বগুড়া শহরে ভাড়া বাসার বাথরুম থেকে সরকারি শাহ সুলতান কলেজের এক নারী প্রভাষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যারা মাথার পেছনে আঘাতে চিহ্ন পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান।

মৃত ফাবিয়া তাসনিম সিধি (২৯) সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে এ কলেজে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান বলেন, “অবিবাহিত সিধি চক ফরিদ এলাকার ডা. রাশেদুল হাসানের বাড়ির তিন তলায় ভাড়া বাসায় মা সারাবান তহুরাকে নিয়ে থাকতেন। কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়িতে যান।

“বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ে ফোন না ধরায় মা তহুরা রাত ১০টার দিকে বগুড়ায় আসেন। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে বাসার বাথরুমে সিধির লাশ পায়।”

মৃতের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিহ্বাতে কামড়ের দাগ পাওয়ার দাবি করেছেন পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ।