ডেভিল হান্টে রাঙামাটিতে ছাত্রলীগ নেতা আটক
অপারেশন ডেভিল হান্টের আওতায় রাঙামাটিতে রোববার সাতজনকে গ্রেপ্তারের পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগের রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
আটক সাইদুজ্জামান পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন।
ওসি সাহেদ উদ্দিন আরও জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে আটক করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, এর আগে রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টের আওতায় রোববার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে আছেন- কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, একই উপজেলার ঘাগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়নের ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার ও ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী।
এছাড়া রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, সদর উপজেলার শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল মাঝি ও ৯ নম্বর পৌর ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়াকেও গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
