২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর: প্রতিবাদে সড়ক অবরোধ

বিচারের আশ্বাসে আড়াই ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহরের নিউ ঢাকা রোডের চামড়াপট্রি থেকে রেলগেইট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসন ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত শনিবার কাজিপুর মোড়ে পাম্পে তেল তোলার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর সঙ্গে এক শ্রমিকের কথা-কাটাকাটি হয়। 

এ ঘটনার জেরে রোববার সানুর নেতৃত্বে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর এবং স্টাফদের মারপিট করা হয় বলে অভিযোগ আব্দুল ওয়াহাবের।

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিষয়টি মীমাংসা করতে দেরি হওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। 

বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান ট্রাক শ্রমিক ইউনিয়নের এ নেতা।