নওগাঁ-৫: বিএনপি নেতা জাহিদুলের পক্ষে নেতাকর্মীদের মিছিল
বিএনপি ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করলেও নওগাঁ-৫ (সদর) আসনটি স্থগিত রয়েছে।
৩১ দফার প্রচার এবং নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করেছেন।
বৃহস্পতিবার বিকালে শহরের সুপারি পট্টি এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি গোস্তহাটির মোড়, কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, কেড়ির মোড়, বইপট্টি হয়ে আবার সুপারি পট্টি গিয়ে শেষ হয়।
নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।
বিএনপি সম্প্রতি ২৩৮ আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও নওগাঁ-৫ (সদর) আসনটি স্থগিত রয়েছে।
নেতাকর্মীরা বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন তারেক রহমানকে উপহার দেবেন। পাশাপাশি নির্বাচিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন।
