২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

নেত্রকোণা সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার সদর উপজেলার গজিনপুর মোড় থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানান নেত্রকোণা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

এসআই জলিল বলেন, গোপন খবর পেয়ে ভোরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি চিনি বোঝাই ট্রাক জব্দ করা হয়। পরে চোরাকারবারিদের ধরতে সকাল ৮টা পর্যন্ত আশেপাশের এলাকায় অভিযান চালিয়েও তাদের সন্ধান পাইনি। 

ট্রাক থেকে চিনির বস্তা নামানোর পর জানা যাবে, সেখানে কত বস্তা এবং কত টাকার চিনি আছে। 

জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত পরিচয়দের আসামি দিয়ে থানায় একটি মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেত্রকোণা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনি পাচার হচ্ছিল। পাচারকারীরা ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নিয়ে আসেন। পরে কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়।