১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ‘বয়কট’

“এ অনুষ্ঠানে সাধারণত ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, ছাত্রকল্যাণ উপদেষ্টা বা প্রক্টরকে অতিথি তালিকায় রাখা হয়।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 04:56 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

প্রচলিত রীতি ভঙ্গ করে একজন কর্মকর্তাকে বিশেষ অতিথি রাখায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা বয়কট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভা বয়কটের কথা জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. আতিকুল হক।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক ‘ডেকোরাম ভঙ্গ’ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীকে আলোচনা সভার বিশেষ অতিথি করা হয়েছে। 

অধ্যাপক শাহ মো. আতিকুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের ইতিহাসে এরকম ডেকোরাম ভঙ্গ করে কোনো অনুষ্ঠান আয়োজন হয়েছে বলে আমাদের জানা নেই। এ অনুষ্ঠানে সাধারণত ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, ছাত্রকল্যাণ উপদেষ্টা বা প্রক্টরকে অতিথি তালিকায় রাখা হয়।

“তার বদলে একজন অফিসারকে অনুষ্ঠানে বিশেষ অতিথি রাখায় গতকালই (বুধবার) আমরা ভিসি, প্রো ভিসিকে বিষয়টি জানিয়েছি। শিক্ষক সমাজের ডিগনিটি নষ্ট করে একজন অফিসারকে বিশেষ অতিথি রাখা হলে আমরা অনুষ্ঠানে যাব না।”

“ওনারা আমাদের আশ্বস্ত করায় আমরা আজকে সভায় অংশগ্রহণ করতে যাই। কিন্তু গিয়ে একই পরিস্থিতি দেখায় আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সভা বয়কট করি।”

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আগে এরকম দেখি নাই। এবার এটা ব্যতিক্রম মনে হয়েছে। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, সিনিয়র শিক্ষকরাই থাকতেন। সেই জায়গা থেকে আমার মনে হয় অর্ডার অব প্রেসিডেন্স মেইনটেন করলেই সুন্দর হয়।” 

জানতে চাইলে সভার সভাপতি ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহবুবুর রশিদ বলেন, “এগুলো আমার কাজ নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের নাম দিয়েছে তাদেরকে আমরা যুক্ত করেছি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “এটার কমিটি উপাচার্য গঠন করেছে। কমিটি আলোচক হিসেবে কাকে রাখবে কাকে রাখবে না সেটা তাদের বিষয়। আমি তার কিছুই জানি না। 

“তার পরেও আমাকে একজন শিক্ষক বিষয়টি অবগত করেন। তখন আমি সেই শিক্ষককে বলি তোমার পরামর্শটা কমিটির সদস্য সচিবকে বলো। আমিও তোমার বার্তাটা তাকে বলব যেন আমলে নেয়। এর বাইরে আমি আর কিছু জানি না।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও  বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীকে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রণক মখলিছুর রহমানের সঞ্চালনায় ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন আহমদ কবির চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।