Published : 13 Jul 2025, 01:39 PM
নরসিংদীর বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান।
নিহত আলকাছ মিয়া (৫৫) একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই রোকনুজ্জামান বলেন, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত ভ্যানে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন।
বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রোকনুজ্জামান আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।