১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের আগেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: শিল্পমন্ত্রী

“শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনও অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে”, বলেন আব্দুল মুক্তাদির।

ঈদের আগেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: শিল্পমন্ত্রী
সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করার কথা বলেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, “শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনও অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে। ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে।” 

শনিবার দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি কর বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, “অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। তবে আশপাশের সব দেশে অনেক বেশি। 

“বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয়, তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না।”

আব্দুল মুক্তাদির বলেন, “স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। 

“ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে ও বাজার বহুমুখীকরণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ।”

এর আগে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, “রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু-একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে।”

এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সিলেট সিটির প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।