নেত্রকোণায় লোকালয়ে আসা লজ্জাবতী বানর গারো পাহাড়ের বনে অবমুক্ত
মাদ্রাসার চত্বরে প্রাণীটি দেখতে পেয়ে কৌশলে আটক ও খাঁচাবন্দী করে স্বেচ্ছাসেবীদের বিষয়টি জানায় শিক্ষক-শিক্ষার্থীরা।
নেত্রকোণার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে পড়া একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে একটি স্বেচ্ছেসেবী সংগঠনের কর্মীরা বিরল প্রজাতির বানরটিকে গারো পাহাড়ের বনে অবমুক্ত করে।
সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ নামের প্রতিষ্ঠান থেকে বানরটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল।
তিনি বলেন, রাতের অন্ধকারে মাদ্রাসাতুল ইনসাফ চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রাণীটিকে কৌশলে আটকে খাঁচাবন্দী করে তারা।
পরে সেভ দ্যা এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবীদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করে।
রিফাত আহমেদ রাসেল আরও বলেন, লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী। বাংলাদেশের বন্যপ্রাণী আইনের অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। প্রাণীটিকে উদ্ধার করে এলাকার গারো পাহাড়ের গহীন বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
