২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত’, মামলা না নেওয়ার অভিযোগ

ওসি বলেন, “তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আমাদের মনে হয়েছে, মেয়েটি নিজের হাত নিজেই কেটেছে।”

ময়মনসিংহে ‘ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত’, মামলা না নেওয়ার অভিযোগ
ময়মনসিংহ নগরীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান নাবিদ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ময়মনসিংহ নগরীতে সম্পর্কের সূত্র ধরে এক কিশোরীকে বাসায় ডেকে ‘ধর্ষণচেষ্টায়’ ব্যর্থ হওয়ায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

ঘটনার পর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনও মামলা করতে পারেননি বলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

নগরীর ১১ নম্বর ওয়ার্ডের নন্দীবাড়ি এলাকায় চারতলার একটি বাসাতে গত ১৬ জুন এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার কার্যালয়ে গিয়েও মামলা করার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় ভয় ও আতঙ্কের মধ্যে থাকার কথা বলছে পরিবারটি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীরা এসপি অফিসেও গিয়েছিলেন। তারপর আমার কাছে এলেও ব্যবস্থার কারণে সময় দিতে পারিনি। তবে জানি, বিষয়টি সমাধান হওয়ার কথা। 

“তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেয়েছিল। আমাদের মনে হয়েছে, মেয়েটি নিজের হাত নিজেই কেটেছে। তবে উভয় পক্ষকে ডেকে ঘটনার সত্যতা পাওয়া গেলে ছেলের বিরুদ্ধে মামলা করা হবে।” 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে বলেন, “দুই পক্ষ এসেছিল। তাদের কথা শুনে মনে হয়েছে, বিষয়টি প্রেমঘটিত। এ কারণে তাদের একটি সুযোগ দেওয়া হয়। তারা বলেছিল, মীমাংসা করবে। 

“এখন যদি তারা মীমাংসা না করতে পারেন তাহলে মামলা হবে। মেয়েটির পরিবার মামলা দিলেই নেওয়া হবে। মামলার পর তদন্ত হবে, দোষী নির্ধারণ কবে। মামলায় সমস্যা নেই।” 

ভুক্তভোগী কিশোরীর (১৭) অভিযোগ, প্রায় এক বছর ধরে তার সঙ্গে মাহমুদুল হাসান নাবিদের (২০) সম্পর্ক চলছিল। নাবিদের পরিবারের লোকেরা বিষয়টি জানতেন। বেশ কয়েকবার সে তার বাসায়ও গিয়েছে। ১৬ জুন নাবিদ তাকে মোবাইলে ডেকে নেয়। তখন বাসায় আর কেউ ছিল না।

নাবিদরা যে বাসায় থাকেন সেটি তার নানার বাড়ি। এ বাড়িতে নাবিদের পরিবার ছাড়াও তারা মামা-খালার পরিবারও বাস করে। নাবিদের এক খালু কামাল উদ্দিন সাবেক কাউন্সিলর ফরহাদ আলমের বড় ভাই।

কিশোরীর অভিযোগ, নাবিদ সেদিন ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সে বাধা দিলে ছুরি নিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার বাম হাতে তিনটি ছুরিকাঘাত করে। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এখন বাসায় আছে।

কিশোরী বলছিল, “দুর্বলতার সুযোগ নিয়ে নাবিদ এমনটি করবে ভাবতে পারিনি। নাবিদের আত্মীয় সাবেক কাউন্সিলর ফরহাদ আলম সালিস ডেকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে চায়। কিন্তু আমার তো মান-সম্মান আছে। টাকা না, আমি বিচার চাই। পুলিশও কোনো সহযোগিতা করছে না।” 

কিশোরীর বাবা বলেন, “ঘটনার দুদিন পর ১৮ জুন কোতোয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা মীমাংসার জন্য আমাদের থানায় নিয়ে বসেছিল। আমরা বিচার চাই, মীমাংসা নয়। থানায় ও এসপি অফিস দৌঁড়াদৌড়ি করেও কোনো প্রতিকার পাচ্ছি না। মেয়েটির হাত ভালো করতে হলে চিকিৎসকরা ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”  

ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার বিকালে নগরীর নন্দীবাড়ির সেই ভবনে গিয়ে নাবিদ কিংবা তার বাবা-মায়ের সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি। তখন বাসার সামনে অপেক্ষা করায় ক্ষিপ্ত হন নাবিদের মামা মামুন। 

তিনি সাংবাদিকদের বলেন, “নাবিদ এমন কিছু করেনি যে, আমাদের বাসার সামনে আপনাদের আসতে হবে। দ্রুত স্থান ত্যাগ করাই আপনাদের জন্য ভালো হবে।” 

পরে নাবিদের খালু কামাল উদ্দিন এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি বলেন, “মেয়েটি আমাদের বাসায় ঢুকে নাবিদকে মারধর করলে নিজের হাতে থাকা ধারালো অস্ত্রে নিজেই আঘাতপ্রাপ্ত হয়। পরে তার বাবাকে কল করলে আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

“ঘটনার পর শুনছি, মেয়েটি প্রায় সময় বাসায় আসত। এখন তাদের মধ্যে সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানি না। বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছি।” 

তিনি বলেন, “আমার ছোট ভাই সাবেক কাউন্সিলর ফরহাদও এ বিষয়ে অবগত হলে সমাধানের কথা বলেন। তবে থানায় আমরা কোনো প্রভাব খাটাইনি।” 

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ আলম বলেন, “বিষয়টি নিয়ে আপস-মীমাংসার কথা বলা হলেও কোনো প্রভাব খাটানো হয়নি।” 

ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী আবু রায়হান মো. ফয়সাল বলেন, “এই ধরনের মামলা মূলত থানায় হয়। কোনো কারণে না হলে তখন আদালতে করা হয়। আমি মেয়েটির অবস্থা দেখেছি, এটি খুবই গুরুতর ঘটনা। যেহেতু বাম হাতের তিনটি রগ কেটে গেছে, তা থেকে সুস্থ হতে হলে ভারতে অথবা উন্নত রাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন। 

“মেয়ের বাবাকে থানায় গেলে পাঠানো হয় এসপি অফিসে। এভাবে পুলিশ বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে। এতে করে নারী নির্যাতন ও ধর্ষণ সমাজে বাড়বে, কমবে না।”