সিলেটে ছাত্রলীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম
আশঙ্কাজনক অবস্থা তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
সিলেট নগরীতে ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান।
আহতদের মধ্যে মো. হাসান মাহমুদ (২৫) নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে। তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অপর আহত মো. মাজহার (২৬) শাহপরাণ এলাকার বাসিন্দা। তিনি ঘটনার সময় হাসানের সঙ্গে ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয় কয়েকজন রামদা দিয়ে হাসান ও মাজহারকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
কী কারণে কারা তাদের কুপিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।
