Published : 01 Jul 2026, 07:48 PM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৯টি ট্রাকসহ একটি ট্রাক লুট করে নেওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ।
ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যবর্তী মহাসড়কের নির্জন স্থানে মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, সাত ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ কিনে একটি ট্রাকে করে রাজশাহী সিটি হাটে নিয়ে আসছিলেন। তারাপুর বাজার অতিক্রম করার পর একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের পথরোধ করে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল।
ডাকাতরা ট্রাকের চালক, চালকের সহকারীসহ চারজনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে তাদের সিরাজগঞ্জের কাচিকাটা টোল প্লাজার আগে একটি পাটক্ষেতে ফেলে রেখে মহিষবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির শিকার ট্রাকের চালক রিয়াজউদ্দিন বলেন, “তারাপুর বাজার পার হওয়ার পরই একটি ড্রাম ট্রাক আমাদের সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন এসে আমাদের মারধর করে, মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে যায়। পরে কাচিকাটা এলাকায় একটি পাটক্ষেতে ফেলে রেখে তারা ট্রাক নিয়ে চলে যায়।”
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “অভিযোগের পর আইনগত কার্যক্রম চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”