ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতা হত্যা মামলায় রিমান্ডে
সাইদুল করিম মিন্টু ও ‘গ্যাস বাবু’ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই কারাগারে আছেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে দুটি হত্যা মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
অপরদিকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ দুই নেতার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাজ আল মামুন জানান।
এর মধ্যে সাইদুল করিম মিন্টুকে দুই মামলায় পাঁচ দিনের এবং কাজী কামাল আহমেদ বাবুকে এক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি কোরআন অবমাননা এবং ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনির প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা-মাশায়েখরা। সেসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এতে শহরের হাটের রাস্তায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সালাম নিহত হয়।
এ ঘটনায় চলতি বছরের ২৬ অগাস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা হয়।
অপর মামলার এজাহারে বলা হয়েছে, পরিকল্পিতভাবে ২০১৫ সালের ১৯ জুন জেলা শহরের গুলশান পাড়া এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাজ আল মামুন বলেন, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান ওসি।
