Published : 22 Jul 2026, 01:31 AM
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হেসেন (২২) দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকের সহকারী। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে যাওয়া পুলিশ বলছে, আহতদের মধ্যে রাশিয়ার কয়েকজন নাগরিক ছিলেন। যদিও তাদের বিস্তারিত এখনো জানতে পারেনি পুলিশ।
স্থানীয়রা বলেন, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়। এ সময় উভয় গাড়ির চালক এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।