বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যু
ওয়াং জিয়াং (৫৬) খনিতে শিফট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে দুর্ঘটনায় এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বুধবার বলেন, মঙ্গলবার বিকালে দুর্ঘটনায় আহত হন ওয়াং জিয়াং। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রাতে তিনি মারা যান।
ওয়াং জিয়াং (৫৬) খনিতে শিফট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেন।
খনি কর্তৃপক্ষ জানায়, ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজের কয়লা উত্তোলন শেষে নতুন ফেইজ ১৪০৬ এ যন্ত্রপাতি স্থানান্তর করা হচ্ছিল। এ সময় স্টিল ওয়ারের সঙ্গে জড়িয়ে একটি হাইড্রোলিক সাপোর্ট ওয়াং জিয়াংকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে পার্বতীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তও করা হয়েছে।
মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে সাইফুল জানান।
