Published : 31 Jul 2026, 06:20 PM
বগুড়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে করা আলাদা মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ধুনট ও শেরপুর উপজেলায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ধুনট আওয়ামী লীগের দুইজন এবং শেরপুর আওয়ামী লীগ ও যুবলীগের দুইজন রয়েছেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার আড়কাটিয়া গ্রামের জনাব আলী সরকারের ছেলে ও কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।
ওসি বলেন, তাদের বিরুদ্ধে বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে আলাদা দুটি মামলা রয়েছে। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা ভবানিপুর ও টাকাধুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উপজেলার টাকাধুকুরিয়া গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে ও সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আব্দুল হাকিম (৫০) এবং ভবানীপুর গ্রামের প্রয়াত অলিমুদ্দিন আকন্দের ছেলে ও ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোমিনুর রহমান (৫০)।
ওসি বলেন, হামলা ও ভাঙচুরসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।