২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ২ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

পুলিশ জানিয়েছে, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক এবং কবিরহাট উপজেলার সোন্দরপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীতে ২ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নোয়াখালীর দুই উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক এবং কবিরহাট উপজেলার সোন্দরপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজন আপন বোন। তারা হল- দক্ষিণ চরক্লার্ক গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। মহিউদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের বাসিন্দা হলেও তিনি পরিবার নিয়ে দক্ষিণ চরক্লার্ক গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। 

অপর নিহত শিশু হল- মালিপাড়া গ্রামের আবদুস সাত্তারের দুই বছরের মেয়ে সাবিয়া নূর। সাত্তার একটি ওষুধের দোকানে কাজ করেন।   

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, রোকসানা ও আফসানা স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাদ্রাসা বন্ধ থাকায় দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। 

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে। তাদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

অপরদিকে কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সাবিয়া নূরের বাবা সকাল ১০টার দিকে কাজে চলে যান। মা রান্না করছিলেন। এ সময় ঘরের পাশে খেলছিল সাবিয়া। কিছুক্ষণ পর তার মা পুকুরে চাল ধুতে গিয়ে মেয়ের নিথর দেহ ভাসতে দেখে চিৎকার করেন। 

আশপাশের লোকজন শিশুটিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।