Published : 07 Jun 2026, 08:40 PM
দরপত্র ছাড়াই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বিদ্যালয় বন্ধের দিনে নষ্ট ফ্যান, পরিত্যক্ত ভবনের জানালা, বিনামূল্যের বই ও পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ ওঠেছে সহকারী শিক্ষক ও দপ্তরির বিরুদ্ধে।
রোববার উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী বলেন, শুক্রবার প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের নির্দেশেই এসব মালামাল বিক্রি করা হয়।
তার ভাষ্য, বিদ্যালয়ের নষ্ট চারটি ফ্যান, পরিত্যক্ত ভবনের ২০টি লোহার জানালা এবং পুরনো বই ও পরীক্ষার খাতা ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
দপ্তরি গণেশ টিকাদারও একই দাবি করে বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে তিনি এতে অংশ নেন এবং সহকারী শিক্ষকও উপস্থিত ছিলেন।
তবে প্রধান শিক্ষক মিল্টন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, কেবল পুরনো বই ও খাতা বিক্রির কথা বলা হয়েছিল দপ্তরিকে। ফ্যান ও জানালা বিক্রির বিষয়ে তিনি কিছু জানেন না।
একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, পরীক্ষার খাতা অন্তত এক বছর সংরক্ষণ করার বিধান রয়েছে। ২০২৫ সালের পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণ করে ২০২৭ সালে বিক্রি করা যায়।
বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর কাছ থেকে নতুন বই বিতরণের সময় পুরনো বই নেওয়া হয়েছে। ওই পুরনো বইও বিক্রি করা হয়েছে বলে তাদের দাবি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, বিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে হলে টেন্ডার বা রেজুলেশন প্রয়োজন। তা ছাড়া কোনোভাবে বিক্রির সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।