২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি বরিশালে যাওয়ার পথে মাদারীপুরে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় পুলিশ।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০
মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় বাস।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার এ ঘটনা ঘটে বলে জানান মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ।

আহতরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সাকুরা পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত না হলেও যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আহত হন বাসটির অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় আহত তিন সন্তানসহ বরিশালগামী যাত্রী রাবেয়া বেগম বলেন, “বাসের চালক ও হেলপার নিজেদের মধ্যে গল্প করছিলেন, আর বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে।

“গাছে ধাক্কা না লাগলে, বাসটি পাশের খাদে পড়ে উল্টে যেতে পারত। এক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর রহমতে আমার বাচ্চাদের কিছু হয়নি, তবে আমার মাথায় আঘাত লেগেছে।”

পুলিশ পরিদর্শক মামুন আল রশীদ বলেন, বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন যাত্রী আহত হলেও কেউ মারা যাননি।