২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন: কুমিল্লায় বঞ্চিতদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন সমর্থকরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভুঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে।  

বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে নাঙ্গলকোট উপজেলা রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন সমর্থকরা। এ সময় তারা রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। 

অবরোধের কারণে পাশের লাকসাম ও হাসানপুর স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। 

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া।

সোমবার ঘোষিত ২৩৮ প্রার্থীর মধ্যে কুমিল্লা-১০ আসনে আব্দুল গফুর ভুঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকালে মোবাশ্বের আলম ভুঁইয়ার সমর্থকরা রেলপথ অবরোধ করে মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানান। 

স্থানীয় বিএনপি নেতা মো. ইউসুফ মজুমদার বলেন, “মোবাশ্বের আলম ভুঁইয়া দীর্ঘদিন ধরে এ অঞ্চলে নিবেদিতভাবে কাজ করে গেছেন। তার সমর্থকরা ভেবেছিল, তিনি মনোনয়ন পাবেন। কিন্তু মনোনয়নের পরিবর্তন হওয়ায় এখন তারা বিক্ষুব্ধ। আমরা চাই, এই মনোনয়ন বিএনপি আবারও বিবেচনা করবে।”

যুবদল কর্মী সোহাগ হাসান বলেন, “বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেলপথ অবরোধ করে। আমরা চাই, মোবাশ্বের আলম ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া হোক।” 

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, “অবরোধের কারণে লাকসাম স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ এবং হাসানপুর স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘মহানগর গোধূলি’ ট্রেনটি আটকা পড়ে। 

বিকাল সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর থেকে অবরোধ সরিয়ে নেয় মোবাশ্বের আলম ভুঁইয়ার সমর্থকরা।