টেকনাফে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ
“হঠাৎ গুলির শব্দ শুনি। পরে দেখি আমার হাতে গুলি লেগেছে। কারা গুলি করেছে বুঝতে পারিনি।”
কক্সবাজারের টেকনাফ উপজেলায় শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
আহতরা হলেন- হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৫ মাস), আলীখালীর পাশের ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি-ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহতদের কয়েকজন বলছেন, কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ২০ থেকে ২৫ জন সমর্থক একটি মিনিট্রাকে করে আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে নাচ-গান করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। এ সময় উৎসুক লোকজন সেখানে ভিড় করেন।
তাদের ভাষ্য, এ সময় হঠাৎ কে বা কারা গুলি ছুড়তে শুরু করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারের গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছোটাছুটি শুরু করে।
পরে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি সাইফুল জানিয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান বলেন, “নামাজ পড়ে সড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি।
“আমার বাম পায়ে গুলি লাগলে আমি মাটিয়ে লুটিয়ে পরি। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। আসলে গুলিটা কোথা থেকে আসছে নিজেও জানি না।”
গুলিবিদ্ধ ডেকোরেশন শ্রমিক বাচামিয়া বলছেন, “আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের কাজ করছিলাম। একটু দূরে বিএনপির একটি প্রচারের গাড়ি থেকে গান বাজছিল।
“হঠাৎ গুলির শব্দ শুনি। পরে দেখি আমার হাতে গুলি লেগেছে। কারা গুলি করেছে বুঝতে পারিনি।”
গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে চট্টগ্রাম নেওয়া হয়েছে।
রাফির মা ছমিরা বেগম জানিয়েছেন, তিনি মেয়েকে নিয়ে সড়কের পাশে একটি ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাফির পিঠে দুটি গুলি লাগে।
অন্যদিকে শাহাবের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কথা বলেছে আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদারের সঙ্গে।
তিনি বলছেন, “গান বাজনা করে একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় কে বা কারা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়।”
তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
এদিকে বিএনপির নির্বাচনি প্রচারের সময় গুলির ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছে। তবে এখানে কোনো পলিটিক্যাল ইস্যু নেই।”
