২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল লাশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 08:24 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

নিহতরা হলো- ওই গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

স্বজনরা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা সবার আগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। 

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথুন আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।