সড়কের পাশে দাঁড়িয়ে গল্প, দুইজনের প্রাণ কাড়ল বাস
“ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
বগুড়ার কাহালু উপজেলায় বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টায় উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন ।
নিহতরা হলেন-গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রত্না ঈদের পর বাবার বাড়ি বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে গেলে সেখানে সৈকতের সঙ্গে তার দেখা হয়। তখন তারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন।
“এ সময় ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
ঢাকাগামী বাসটি সনাক্ত করা যায়নি জানিয়ে ওসি সেলিম রেজা বলেন, নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
