ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহী ইউপি সচিবের
তারাকান্দা উপজেলা পরিষদ থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক ইউপি সচিব নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ময়মনসিংহ-ফুলপুর সড়কে উপজেলার মধুপুর নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বারেক মিয়া।
নিহত আব্দুল মান্নান তালুকদার (৪৫) উপজেলা বিসকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি একই ইউনিয়নে বারইপাড়া এলাকার প্রয়াত মমতাজ তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে বিসকা ইউনিয়ন পরিষদে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক বারেক মিয়া বলেন, মৃতদেহের সুরতহাল শেষে মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
