২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় নিহত ১৪: ঝালকাঠির সেই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

এসব বিষয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি কারণসহ কিছু সুপারিশ তুলে ধরেছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 04:35 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাক চাপায় ১৪ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দিয়েছে।

সোমবার দুপুরে প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সাংবাদিকদের জানান, প্রতিবেদনে চালকদের লাইসেন্স ও ট্রাকের ফিটনেস না থাকা, ওভারটেকিং করা, সড়কে অবৈধ যান, সড়কের অবকাঠামোয় ত্রুটি, ট্রাকে ওভারলোড, অতিরিক্ত গতি এবং গতিরোধের জন্য নির্দেশনা না দেওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ১৭ এপ্রিল দুপুর দেড়টার দিকে ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি মিনি ট্রাক, একটি প্রাইভেটকার এবং তিনটি ইজিবাইককে চাপা দিলে ১৪ জন নিহত হন; আহত হন অন্তত ১৭ জন।

এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজকে প্রধান করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঝালকাঠি জোনের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. মাহবুবুর রহমান ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হককে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।

এসব বিষয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি কারণসহ কিছু সুপারিশ তুলে ধরেছে। তা সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠান হবে।