Published : 03 Jun 2026, 07:15 PM
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। এটির দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট। মৃত তিমিটির শরীরে পচন ধরেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সৈকত থেকে প্রায় দুই কিলোমিটার সাগর গভীরে স্থানীয়রা ভাসতে দেখেন তিমিটি।
খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা গভীর সমুদ্রে গিয়ে তিমিটি দেখতে পান। পরে সেটিকে সাগর সৈকতে নিয়ে আসা হয়।

তারা মৃত তিমিটির সংরক্ষণ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সাংবাদিকদের বলেন, তিমি ভেসে আসার বিষয়টি তিনি জেনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। আমাদের বিট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ড ফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, তিমিটি বেশ কিছুদিন আগে মারা গেছে। শুধু বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব নয়।”

তিনি বলেন, “তবে জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, রোগ সংক্রমণ, সামুদ্রিক দূষণ, খাদ্য সংকট, বার্ধক্যজনিত দুর্বলতা কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন রয়েছে।”
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও কুয়াকাটা পরিবেশ সংগঠক কে এম বাচ্চু বলেন, “তিমিটি বেলিন প্রজাতির হতে পারে। হয়ত এটি সাত থেকে আট দিন আগে মারা গেছে বলে ধারণা করছি।”
