দুর্ভাগ্যের চক্করে ১৭ বছর ভিনদেশে, অবশেষে ফেরা হল রবিউলের
"মালয়েশিয়ায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষায় ফেল করি। সেখানেই পাসপোর্ট হারিয়ে ফেলি। তারপর কৃষি কাজ করতাম”, বলেন রবিউল।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রবিউল করিম ২০০৭ সালে পর্যটন ভিসায় মালয়েশিয়া যান। যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য হন। একপর্যায়ে হারিয়ে ফেলেন পাসপোর্ট। পড়ে যান জটিলতায়।
ওই জটিলতার কারণে ১৭ বছর দেশে ফেরা হয়নি রবিউলের। অবশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় 'ট্রাভেল পাস’ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেন তিনি।
এদিন সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রবিউল। সেখানে বিকাল থেকেই বাবার অপেক্ষায় ছিলেন তিন সন্তান ডলার মাহমুদ, আবদুল হানিফ ও ডলি আরা খাতুন।
বাবাকে দেখেই জড়িয়ে ধরেন তারা; সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।
রবিউল করিম বলেন, "টুরিস্ট ভিসায় মালয়শিয়া যেতেই মেডিকেল টেস্টে আনফিট হয়েছিলাম। এরপর পাসপোর্ট হারিয়ে ফেলি। তারপর সেখানে কৃষি কাজ করতাম। ১৭ বছর পর ফিরে এলাম।
"অবৈধভাবেই সেখানে ছিলাম। মেম্বার-চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়েও পাসপোর্ট করতে পারিনি। আমার ছেলে বাংলাদেশ থেকে কাগজ পাঠিয়েছিল। সে কাগজের মাধ্যমেই ট্রাভেল পাস নিয়ে ফিরে এসেছি।"
রাতেই ভোলাহাটে যাবেন রবিউল। সেখানে অপেক্ষায় আছেন স্ত্রী জোৎসনা আরা খাতুন। তিনি বিমানবন্দরে আসতে পারেননি।
ডলার মাহমুদ বলেন, "বাবাকে সবশেষ দেখেছি দশ বছর বয়সে। গত অক্টোবরে বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাইনি কারণ বাবার বৈধ কাগজ ছিল না। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বাবাকে ফিরে পেলাম।
মেয়ে ডলি আরা খাতুন বলেন, "বাবা যখন বিদেশে যায়, তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এর মধ্যে বিয়ে হয়েছে। আমার সন্তানও নানুকে পেয়ে খুশি। সে কয়েকদিন ধরে নানু নানু করছে।"
ছোট ছেলে আবদুল হানিফ বলেন, "বাবা যখন যায়, তখন আমার বয়স তিন মাস। এতদিন ভিডিও কলে দেখেছি। আজ সামনাসামনি দেখলাম।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন বলেন, "আমরা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১৩৮ প্রবাসীকে দেশে ফেরায় সহযোগিতা করেছি।
“রবিউল করিমের বড় ছেলে তিন মাস আগে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করেন। ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে। প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস সেখানের কাজগুলোয় সহায়তা করেন।
