Published : 19 Jul 2026, 08:00 PM
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ৪ এর বিচারক সঙ্গিতা ভট্টাচার্য্য এ আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল, শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন- বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) এবং একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার বলেন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।
বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় বাসার সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দুই দিন পর শুক্রবার রাতে জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় নিজ বাসভবনে প্রবেশের সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল লোক পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়।