গাজীপুরে ভিক্ষুকের মরদেহ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা
“মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, মৃত ওই ভিক্ষুকের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীপুরের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়।
পরে তা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান।
স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। প্রতিদিনের মতো সোমবার দিনভর ভিক্ষা শেষে রাতে তিনি শ্রীপুরের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পুলিশ ‘আবুল হোসেন’ নামের একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্র অনুযায়ী, তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে।
তবে উদ্ধার হওয়া এনআইডিটি মৃত ব্যক্তির কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এসআই তাজুল বলেন, “মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি মৃত ভিক্ষুকের কি-না সেটাও যাচাই একং স্বজনদেরও খোঁজ করা হচ্ছে।”
তিনি বলেন, “ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সবসময় নিজের কাছেই রাখতেন।”
