সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী টুকু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের হোসেনপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক ইসান, সহ যুগ্ম আহ্বায়ক অয়ন ও মুখ্য সংগঠক সেজানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তাদের ছাত্রদলে যুক্ত হওয়া আগামীতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।
ছাত্রদলে যোগদান প্রসঙ্গে জুলাই আন্দোলনের নেতা সজিব সরকার বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন আন্দোলন করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি বিএনপির মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
“তাই জেলা সদরসহ উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও তাড়াশ উপজেলার শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছি।”
