পুকুর পাড়ে জুতা, জলে মিলল ২ শিশুর লাশ
শহরের বাটকেখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি জানান।
সাতক্ষীরা পৌর শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শহরের বাটকেখালি এলাকার গফুর সরদারের পুকুরে এই দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।
নিহতরা হলো- বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)।
লাবিব স্থানীয় বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং হাবিবা একই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে স্কুলে যাওয়ার আগে দুই শিশু গফুর সরদারের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে স্থানীয়রা পানিতে নেমে দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা বলেন, জরুরি বিভাগে আনার পর চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই শিশু দুটি মারা যায়।
সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
