বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় বাইক আরোহী ২ কিশোর নিহত
ঢাকা-বাইপাস সড়কে একটি ট্রাক অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা দুজন সড়কে ছিটকে পড়ে বলে জানায় পুলিশ।
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-বাইপাস সড়কে উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা।
নিহতরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে পড়াশোনা করত।
নোয়াইশির চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকার প্রয়াত কালামের ছেলে আজিজুল (১৭) সম্প্রতি বাড়িতে চাপ দিয়ে একটি মোটরসাইকেল কিনে নেয়। বিকালে ওই মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়। পরে তারা ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন দিয়ে ঘুরছিল।
পথে একটি ট্রাক অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক আজিজুল নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। তবে আজিজুল অক্ষত রয়েছে।
পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
