২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

বৃহস্পতিবার কারখানায় কামাল হোসেনের ডিউটি ছিল না, তিনি স্ত্রীকে নিতে এসেছিলেন।

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের
যশোর-বেনাপোল মহাসড়ক।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 01:20 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

যশোরের শার্শা উপজেলার সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। 

বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন।

নিহত কামাল হোসেন (৪৫) বেনাপোলের শিকড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি আফিল জুট উইভিং ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তার স্ত্রীও একই কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রিপন বলেন, বৃহস্পতিবার কারখানায় কামাল হোসেনের ডিউটি ছিল না, তিনি স্ত্রীকে নিতে এসেছিলেন। পরে তারা মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। 

এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কামাল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি আরও বলেন,  স্বজনদের কোনো অভিযোগ না থাকায় কামালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তবে দুর্ঘটনা ঘটানো ট্রাকের চালক ও সহকারীকে আটকে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।