খাদেম হত্যা: সুরেশ্বর দরবার শরিফের পীর গ্রেপ্তার
২৪ অক্টোবর বস্তাবন্দি অবস্থায় দরবার শরিফের খাদেম জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চাঞ্চল্যকর খাদেম হত্যা মামলায় সুরেশ্বর দরবার শরিফের পীর তৌহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোরে অভিযান চালিয়ে সুরেশ্বর গ্রামের বাড়ি থেকে পীরকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২৪ অক্টোবর বিকালে উপজেলার ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় দরবার শরিফের খাদের জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার (২০) ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২৩ অক্টোবর বিকালে জয়নাল সরকার বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তিনি মায়ের ওষুধ নিয়ে বাড়িতে এসে আবার বেরিয়ে যান। রাত ১১টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন স্থানীয় একটি গ্যারেজে তার ব্যবহৃত চেয়ার-টেবিল দেখতে পান স্বজনরা। ২৪ অক্টোবর বিকালে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা জয়নালের মরদেহ শনাক্ত করেন।
নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, “তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ভিডিও বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ (৩২) নামে একজনকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ও আসামি তৌহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, শটগানের খালি কার্তুজ ১৩৩টি, ছয়টি হার্ড-ড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, চারটি বাটন মোবাইল সেট এবং দুটি স্লিং শট রাইফেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শটগানের বিভিন্ন অংশ ও শটগানের বক্স জব্দ করা হয়।
“গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার পেছনের কারণ উদঘাটন ও অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।”
